কালবেলা · দেশ
আইনের শাসনে নাইজেরিয়া-জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে বাংলাদেশ
২২/১০/২০২৬

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। সূচকে আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৩৯, যেখানে বৈশ্বিক গড় শূন্য দশমিক ৫৫। তবে এ বছর সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতির দিক থেকে শীর্ষে রয়েছে দেশটি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
আফ্রিকার বেশকিছু দেশও সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে ঘানা ৬২তম, কেনিয়া ১০০, লাইবেরিয়া ১০৩, সিয়েরা লিওন ১১০, নাইজেরিয়া ১২০ এবং জিম্বাবুয়ে ১২২তম স্থানে রয়েছে।
বিশ্বের দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। সূচকের শীর্ষ ৫ দেশ যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।
সূচকে ৮টি মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোর আইনের শাসন মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো, সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।
এই ৮ মানদণ্ডের মধ্যে ৩টিতে গতবারের চেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। বাকি ৫টি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।
মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের অবস্থা সবচেয়ে দুর্বল। এ খাতে শূন্য দশমিক ৩০ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে। এ খাতে শূন্য দশমিক ৪১ স্কোর নিয়ে ১০৬তম স্থানে রয়েছে দেশটি।
মূল প্রতিবেদনে যান ↗