কালবেলা · সাধারণ
নিউইয়র্কের এয়ারপোর্টে ড. ইউনূসের গায়ে ময়দা দেওয়ার ভিডিওটি ফ্রান্সের ভিন্ন ঘটনার
১৫/১০/২০২৬

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার সময় ড. ইউনূসের গায়ে ময়দা দেওয়া হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিটি ড. ইউনূস নয় এবং ভিডিওটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরেরও নয়। প্রকৃতপক্ষে, গত ১১ অক্টোবর প্যারিসে বামপন্থি প্রাইমারিতে জয় উদযাপনের অনুষ্ঠান থেকে বের হয়ে ট্যাক্সিতে ওঠার সময় র্যাফায়েল গ্লুকসমানের গায়ে ময়দা ছোড়া হয়। সেই ঘটনার দৃশ্য এটি।
বিস্তারিত
শুরুতে প্রচারিত ভিডিওটিতে ‘M6INFO' লেখা একটি লোগো লক্ষ্য করা যায়। এটির সূত্র ধরে অনুসন্ধানে M6 Info নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ১২ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, রোববার সোশ্যাল ডেমোক্র্যাটিক প্রাইমারির প্রথম পর্বেই জয়লাভের পর রাফায়েল গ্লুকসম্যান হামলার শিকার হন। প্যারিসের ২০তম অ্যারোঁদিসমঁ এলাকার একটি বার থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ময়দা ছোড়া হয়।
আরও অনুসন্ধানে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ইউরোনিউজের ওয়েবসাইটে গত ১২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় প্যারিসের ২০তম আরোঁদিসমঁর ‘লা কঁতিন দ্য বেলভিল’ নামে একটি বারের বাইরে এ ঘটনা ঘটে।
অতএব, নিউইয়র্কের এয়ারপোরর্টে ড. ইউনূসের গায়ে ময়দা দেওয়ার দৃশ্য দাবিতে ফ্রান্সের রাজনীতিবিদের গায়ে ময়দা ছুড়ে মারার ভিডিও প্রচার করা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗