স্নান করে গা মোছার জন্য তোয়ালে তো ব্যবহার করেন অনেকেই। কিন্তু এই তোয়ালের সঠিক ব্যবহার কত জন জানেন? বিশেষ করে ব্যবহারের পর স্যাঁতসেতে ভিজে তোয়ালে থেকে যে দুর্গন্ধ বের হয় তা এককথায় অস্বস্তিকর। তাছাড়া অপরিষ্কার দুর্গন্ধযুক্ত তোয়ালে থেকে তৈরী হয় ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শরীরের মৃত কোষ। তাই চর্মরোগ এড়াতে গা মোছার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধ মুক্ত তোয়ালে ব্যবহার করা উচিত।
তাই স্নান করার পর গা মোছার জন্য যে তোয়ালে ব্যবহার করা হয় তা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ মুক্ত রাখার জন্য নিয়মিত ধুয়ে কেচে ব্যবহার করা দরকার। বিশেষজ্ঞদের মতে স্নান করার তোয়ালে পরিস্কর-পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দুই থেকে তিনবার ব্যবহার করার পর ধুয়ে রাখা দরকার। তবে কারো যদি অতিরিক্ত ঘাম হয় কিংবা কোন ত্বকের সমস্যা থাকে, তাহলে তাদের আরও ঘন ঘন তোয়ালে পরিষ্কার করা দরকার।
প্রতিদিন স্নান করার পর ভেজা গা মোছার সময় তোয়ালেতে আর্দ্রতা, ঘাম, ত্বকের তেল এবং মৃত কোষ জন্মায়। আসলে অনেকক্ষণ ধরে ভিজে থাকার তোয়ালে জীবাণু বেড়ে ওঠার জন্য একেবারে অনুকুল পরিবেশ তৈরি করে। এর ফলে ত্বকের মধ্যে অস্বস্তি এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।
স্নানের তোয়ালে পরিষ্কার রাখার জন্য কিছু পরামর্শ
অনেকেই স্নান করার পর ভেজা তোয়ালে বাথরুমেই রেখে দেন। যা একেবারেই উচিত নয়। তাই ভেজা তোয়ালে গুটিয়ে না রেখে, ব্যবহার করার পর এমন জায়গায় মেলে রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস চলাচল করতে পারে। এর ফলে তোয়ালে যেমন তাড়াতাড়ি শুকিয়ে যাবে তেমনই ভেজা তোয়ালের মধ্যে থাকা ভ্যাপসা দুর্গন্ধও দূর হবে।
ভিজে তোয়ালে ব্যবহারের পর অনেকেই লন্ড্রি ব্যাগের মধ্যে জমিয়ে রাখেন। যার ফলে দ্বিতীয়বার ব্যবহারের সময় তাকে ওই ভেজা তোয়ালেই ব্যবহার করতে হয়। তাই প্রত্যেকবার তোয়ালে ব্যবহারের পর পরেরবার ব্যবহারের জন্য তোয়ালে শুকিয়ে রাখা উচিত।
একটা তোয়ালে কতদিন ব্যবহার করা যায়?
অনেকদিন ধরে এক তোয়ালে ব্যবহার করতে থাকলে অনেক সময় দেখা যায় তোয়ালে নিয়মমাফিক ধোয়ার পরেও দুর্গন্ধ থেকে যায়।
স্নানের জন্য অনেকদিন ধরে একই তোয়ালে ব্যবহার করার ফলে যেমন এর জল শোষণ করার ক্ষমতা কমে যায়, তেমনই বদলে যায় কাপড়ের রং।
যদি আপনার স্নানের তোয়ালেও দীর্ঘদিন ব্যবহারের ফলে এমন অবস্থা হয় তাহলে আপনারও নতুন তোয়ালে কেনা দরকার।
https://youtu.be/uc8rfW3anwI?si=eyt4l5LmBLKMwnPW
শুধু তাই নয়, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা তোয়ালে থাকাই ভালো। যা স্বাস্থ্যবিধির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যদি কারও চর্মরোগ জাতীয় সমস্যা থাকে, তাহলে তার সাথে নিজের তোয়ালে শেয়ার না করাই ভালো।
তাই প্রতিদিনের তোয়ালে নিয়মিত ধোয়ার পাশাপাশি আরও বেশ কিছু জিনিস নিয়ম মেনে চললে এবং সময়মতো তোয়ালে পাল্টে ফেলতে পারলে ব্যাকটেরিয়া, দুর্গন্ধ কিংবা চর্মরোগের মত সমস্যা এড়ানো যেতে পারে।
