কাতারের দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ট্রেড মার্ক গ্রুপের গ্রীষ্মকালীন সেরা কার ড্রাইভার ও বাইক রাইডার সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) দোহার মানসুরায় ফুড ডেলিভারি কোম্পানিটির নিজস্ব মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আব্দুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের গ্রীষ্মকালীন তিন মাস—জুন, জুলাই ও আগস্টে কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সেরা কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ বছর পাঁচটি পৃথক ক্যাটাগরিতে ৩৫ জন কার ড্রাইভার ও ৩৫ জন মোটরবাইক রাইডারসহ মোট ৭০ জনকে তাদের অসাধারণ কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়।
প্রতিষ্ঠানের কর্মীদের কঠোর পরিশ্রম, দায়িত্বশীলতা ও পেশাগত উৎকর্ষকে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান প্রতি বছরের ধারাবাহিকতায় বার্ষিক ওমরাহ সফর প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের আন্তরিকতা, মূল্যবোধ ও কল্যাণমুখী উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মো. ইকবাল হোসেন, অ্যাডমিন ম্যানেজার মো. আবু হানিফ এবং রিক্রুটিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী ইয়াকুব খন্দকার। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কার ড্রাইভার, বাইক রাইডার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কর্মীদের অবদানকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কাতারের প্রচণ্ড গ্রীষ্মের প্রতিকূল আবহাওয়ায় নিরলসভাবে দায়িত্ব পালনকারী ড্রাইভার ও রাইডারদের পরিশ্রম, ধৈর্য, পেশাদারিত্ব এবং সেবার মান বজায় রাখার প্রচেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়।
এ ধরনের সম্মাননা আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে ট্রেড মার্ক গ্রুপ।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আরএএস
