বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে জামাল হোসেন ও সোহাগ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। দুপুরে কাজ করার একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাঁরা ট্যাংকের ভেতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
