সৌদি আরবে দুই বাংলাদেশী নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসাথে ঘটনার পূর্ণ বিবরণ পাওয়ার পর ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম, জনবল, প্রবাসীদের সেবা, শ্রমবাজারের চ্যালেঞ্জ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে নেয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়ে কমিটি গুরুত্ব দেয়।
কমিটি সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা সংসদীয় কমিটির সামনে উপস্থাপনেরও সুপারিশ করে। পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে উপস্থাপনা দেয়া হয়।
এছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মীর কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের প্রেক্ষাপটে মিশনগুলোর সেবার মান এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এদিকে, ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় স্থায়ী কমিটি। সম্প্রতি কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া পররাষ্ট্র সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
