মিষ্টি খেতে কে না ভালোবাসেন! কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই ইচ্ছা হলেও মিষ্টি খেতে পারেন না। এক্ষেত্রে মিষ্টিপ্রেমীদের জন্য দারুণ বিকল্প হতে পারে একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি, পুষ্টিগুণে ভরপুর চিনি ছাড়া সুস্বাদু এই লাড্ডুর রেসিপিটি। নিজের ইচ্ছা মতো খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য বাড়িতেই বানানো যেতে পারে এই লাড্ডু। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই স্বাস্থ্যকর লাড্ডু তৈরির রেসিপিটি।
উপকরণ
এই লাড্ডু বানানোর জন্য লাগবে ১ কাপ সবুজ মুগ ডাল (পরিষ্কার জল দিয়ে ধুয়ে ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন), ১/৪ কাপ আমন্ড, কাজুবাদাম ১/৪ কাপ, আখরোট ১/৪ কাপ, পেস্তা কুচি, কুমড়োর বীজ ও সূর্যমুখীর বীজ ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ চিয়া সিড, ১ টেবিল চামচ ভাজা তিসি, ১/৪ কাপ কিশমিশ, ৮–১০টি বীজ ছাড়ানো খেজুর, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো এবং ২ টেবিল চামচ ঘি।
লাড্ডু বানানোর পদ্ধতি
আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল থেকে জল ঝরিয়ে নিন। এবার একটা পরিষ্কার কাপড়ের উপর ১৫–২০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায়।
এবার একটা কড়াইতে কম আঁচে ঘি ছাড়াই, মুগডাল ভেজে নিন। ডাল হালকা সোনালী হয়ে আসলে এবং সুগন্ধ বের হলে ভাজা ডাল ঠান্ডা করে নিন। এরপর একটা মিক্সারের সাহায্যে ডাল গুঁড়ো করে নিন।
এবার কড়াইতে আমন্ড, কাজুবাদাম,আখরোট, পেস্তা কুচি-সহ অন্যান্য বীজগুলি হালকা করে ভেজে, এগুলি ভেঙে নিন।
এরপর কড়াইয়ে ঘি গরম করে কেটে রাখা খেজুর ও কিসমিস দিয়ে ২-৩ মিনিট রান্না করে নিন। মিশ্রণটি নরম হতে শুরু করলে এর মধ্যে মুগ ডালের গুঁড়ো, ভাজা বাদাম, সমস্ত বীজ এবং এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।
https://youtu.be/ixVZIaFsQVc?si=uJGeSc9XozRlU_Wy
মিশ্রণটি হালকা গরম থাকতেই হাতে সামান্য ঘি মেখে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিন। লাড্ডু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
ব্যস, এই ভাবেই তৈরি হয়ে গেল চিনি ছাড়া, পুষ্টিগুণে ভরপুর দারুণ স্বাদের লাড্ডু। আসলে খেজুর এবং কিসমিস দেওয়ার জন্য এই লাড্ডু তৈরি করতে আলাদা করে চিনি দেওয়ার দরকার হয় না।
