চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় বাজারে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স কয়লাদিয়াড়ের মো. মাহেরুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, পারভেজ প্রিন্স কীটনাশক ব্যবসার জন্য লাইসেন্স নিয়ে অবৈধভাবে সার বিক্রি করছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ বস্তা সারও মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় এবং তাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান করে। পাশাপাশি অবৈধভাবে মজুত করা ২৭ বস্তা সার জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আগামী শনিবার সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষকদের কাছে বিক্রি করা হবে। শিবগঞ্জ উপজেলায় সারের অবৈধ মজুতরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।
