কালবেলা · সাধারণ
প্রবাসীর স্ত্রীকে হত্যা ও আলামত গোপনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
১৩/১০/২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। আদালতের আদেশে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত এ দণ্ড কার্যকর করা যাবে না। এ সময় আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, দণ্ডিত জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ। তার স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি মার্কেটে অবস্থান করতেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগে মামলা করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
মূল প্রতিবেদনে যান ↗