স্পোর্টস ডেস্ক
ভারতের জাতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তবে তার অসাধারণ প্রতিভা নিয়ে ধারাভাষ্যকার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। ব্যাট হাতে অনেক ক্রিকেটপ্রেমীর মন জয় করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আর স্যামসনের হৃদয় জয় করে রেখেছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।
রজনীকান্তের বড় ভক্ত হিসেবে পরিচিত স্যামসন এবার তার প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসার অনন্য নজির গড়েছেন। রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ দেখতে পুরো একটি প্রেক্ষাগৃহ ভাড়া করেছেন তিনি।
পরিবার, বন্ধু ও সতীর্থদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে চেয়েছিলেন স্যামসন। সে কারণেই পুরো প্রেক্ষাগৃহটি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এ প্রসঙ্গে স্যামসন বলেন, ‘রজনী স্যারের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। তার পরবর্তী সিনেমার জন্যও আমি সব সময় অপেক্ষা করি। তবে এবার সিনেমাটি দেখতে আমার এক দিন দেরি হয়ে গেছে। তার যত বেশি সিনেমা সম্ভব, দেখার চেষ্টা করি। গতকাল দিল্লিতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। এ কারণে সিনেমাটি দেখতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘তবে আজ সৌভাগ্যক্রমে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিতে পেরেছি। বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি, আমার স্ত্রীও এখানে আছে। বড় পর্দায় রজনী স্যারকে দেখার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’
ভারতীয় দলের আরও কয়েকজন সদস্যও তার সঙ্গে সিনেমাটি দেখবেন বলে জানিয়েছেন স্যামসন। বিশেষ করে যারা তামিল ভাষা বোঝেন, তারাই এই আয়োজনে যোগ দেবেন। স্যামসনের ভাষায়, ‘দলের যেসব খেলোয়াড় ও সহায়ক কর্মী তামিল ভাষা জানেন, তারা সবাই আসছেন।’
নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত ‘জেলার ২’ ২০২৩ সালে মুক্তি পাওয়া ব্যাপক সফল সিনেমা ‘জেলার’-এর পরবর্তী পর্ব। এতে অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে আবারও অভিনয় করেছেন রজনীকান্ত। নতুন এই সিনেমায় তাকে আবারও নানা বিপদের মুখে পড়ে অ্যাকশনে ফিরতে দেখা যাবে। দুর্দান্ত মারপিট, রজনীকান্তের নিজস্ব অভিনয়শৈলী এবং আকর্ষণীয় সংগীত সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। মুক্তির পর দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় এবং প্রশংসা সেই আগ্রহেরই প্রতিফলন। রজনীকান্তের পর্দায় উপস্থিতি ও টানটান কাহিনি সিনেমাটিকে বড় পর্দার উপভোগ্য আয়োজন হিসেবে তুলে ধরেছে।
প্রিয় অভিনেতার সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া করে স্যামসনও বুঝিয়ে দিলেন, রজনীকান্তের প্রতি তার ভালোবাসা কতটা গভীর।
