(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির প্রতিবাদ করায় জামাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার শাহিদ গংদের বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, প্রতিবেশী এক নারীর অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রি করেন শাহিদ গংরা। এ ঘটনায় বাধা দেয়ায় অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, গত শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জামিরাপাড়া মোড়ে শাহাবুদ্দিনের চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন তিনি। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। এ সময় অভিযুক্তরা তাঁকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেন বলেও দাবি করেন তিনি। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শাহিদ, সুমন, রাজিব, মজিদা খাতুন ও মুর্শেদাকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জামাল উদ্দিন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও রাজৈ ইউনিয়ন বিট অফিসার ওয়াসিম জানান, “আমি এখনো অভিযোগটি হাতে পাইনি। অভিযোগটি হাতে পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
The post ভালুকায় অসুস্থ গাভী জবাই করে মাংস বিক্রির প্রতিবাদ করায় হামলার অভিযোগ ভালুকা appeared first on Matrijagat.
