ফেনী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পেতে রাখা ৫ হাজার মিটার বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বাধীন টাস্কফোর্স। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তারের নেতৃত্বে ফেনী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের প্রজনন ও ইলিশ সম্পদ রক্ষায় ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নদীতে অবৈধভাবে পেতে রাখা বেহুন্দি ও চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা সহযোগিতা করেন।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মাছের উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
