জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারার আওতায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক নাহরিন ইসলাম খান সরকারি বিধি অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
এদিকে অপর একটি প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নাহরিন ইসলাম খানকে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী অধ্যাপক নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৩ জুন ২০২৫ তারিখে অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা আদেশের অংশবিশেষ বাতিল করে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
