সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি রোববার জানিয়েছে, সৌদির বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। খবর বিবিসির।
গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি আরব ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হুতিরা চারটি অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেন তিনি।
সারি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিন ধাপে হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর শুগাদাম গ্যাস স্থাপনায় হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। আরামকোর তানাজিব তেল শোধনাগারেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার দাবি করেছে তারা।
হুতিদের দাবি অনুযায়ী, চতুর্থ অভিযানটি চালানো হয়েছে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে। এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন সারি।
গোষ্ঠীটি বিবৃতিতে আন্তর্জাতিক কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে।
তাদের দাবি, মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলো নিরাপদ নয়।
