লোহাগাড়ায় বিচারাধীন জমি বিক্রি করে দখলচ্যুতির চেষ্টার অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমি বিক্রির চেষ্টা এবং দখলচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মৌলানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মুহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযোগ করেছেন।
সাইফুল ইসলামের দাবি, চুনতি ইউনিয়নের সাতগড় মৌজায় বিএস ১০৩, ২৬৯ ও ২৭০ নম্বর খতিয়ানের ২২৬, ২২৭, ২২৮, ২২৯ ও ২৩১ নম্বর দাগের ২০ শতক জমি নিয়ে একই উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ার মৃত আবুল হোছেনের ছেলে ইসমাইল মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছে।
এ নিয়ে সাতকানিয়া সিভিল জজ আদালতে ৩০৮/২০২৬ নম্বর মামলা করেছেন তিনি। মামলাটি বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ জমিটি অন্যের কাছে বিক্রির চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।
সাইফুল ইসলামের আরও অভিযোগ, সম্ভাব্য নতুন ক্রেতাকে সঙ্গে নিয়ে তাঁকে জমির দখল ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছে। তাঁকে উচ্ছেদেরও চেষ্টা চলছে। এতে জমির দখল ও নিজের অধিকার নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
এ পরিস্থিতিতে জমির দখল সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন সাইফুল ইসলাম।
আইন অনুযায়ী, আদালতে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে মামলা চলাকালে ওই সম্পত্তি হস্তান্তরের বিষয়টি সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ৫২ ধারার আলোকে বিবেচিত হয়। এ ক্ষেত্রে হস্তান্তর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অধীন থাকতে পারে। তবে মামলা চলাকালে জমি বিক্রি হলেই তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে জোর করে দখলচ্যুত করার চেষ্টা হলে তিনি উপযুক্ত আইনি প্রতিকার চাইতে পারেন।
অভিযোগের বিষয়ে জানতে ইসমাইল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি ও সম্ভাব্য ক্রেতার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

