রাজ্যে পালাবদলের পর জনপ্রিয় প্রকল্পগুলির অন্যতম অন্নপূর্ণা যোজনা। প্রতিশ্রুতি মতোই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেয় রাজ্য সরকার। কিন্তু পুজোর বাজারে ‘অন্নপূর্ণা যোজনা’ পাওয়া যাচ্ছে ৫ টাকায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র পাঁচ টাকা দোকানদারের হাতে দিলেই, ‘অন্নপূর্ণা যোজনা’ হাতে পাবেন ক্রেতারা।
সরকারি প্রকল্পের নামের সঙ্গে মিল রেখে আসলে বিক্রি হচ্ছে চিপসের প্যাকেট। এই চিপসের প্যাকেট ঘিরেই পুজোর বাজারে কৌতূহল দুর্গাপুরের পুজোমণ্ডপ চত্বরে। দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লীর দুর্গাপুজো মণ্ডপের সামনেই এক মহিলা বিক্রি করছেন, এই চিপস। পুজো দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যে ছোটদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্যাকেটটি। ওই বিক্রেতা মহিলার কথায়, এই চিপসের বিক্রি বেশ ভালোই হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এর চাহিদা চোখে পড়ার মতো। পুজোর মরশুমে মণ্ডপের সামনে মানুষের ভিড় বাড়তেই বিক্রিও বাড়ছে বলে জানান তিনি।
সব মিলিয়ে, সরকারি প্রকল্পের নামের সঙ্গে মিল থাকা পাঁচ টাকার এই চিপস এখন পুজো মণ্ডপের সামনে বাড়তি আকর্ষণ। অবশ্য নামের মিল থাকলেও সরকারি অন্নপূর্ণা যোজনার সঙ্গে এই চিপসের কোনও সম্পর্ক নেই। এটি নিছকই একটি খাবারের প্যাকেট, যা নিজের নামের জোরেই নজর কাড়ছে ক্রেতাদের। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন,”সরকারি প্রকল্পের সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। কিন্তু এই চিপসের প্যাকেট দেখে আমরাও বেশ মজা পেয়েছি। কারণ খুদেদের মধ্যে চাহিদা পাচ্ছে এই চিপস। কিন্তু সরকারি প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা না থাকলে হয়তো এই চিপসের প্যাকেটের এত চাহিদাও থাকত না।”
