আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ করেই তাজপুর সমুদ্র সৈকতে দেখা গেল অস্বাভাবিক দৃশ্য। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের দাবি, সমুদ্রের জল প্রায় দেড় কিলোমিটার পিছিয়ে যাওয়ায় বিস্তীর্ণ বালির চড়া জেগে উঠেছে। এমন ঘটনা আগে কখনও দেখেননি বলেই জানাচ্ছেন তাঁরা।
সমুদ্রের জল সরে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে বিশেষজ্ঞদের মতে, ভাটা, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ, বাতাসের গতিপ্রকৃতি এবং বায়ুচাপের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে তাজপুরে এতটা জল সরে যাওয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, সমুদ্রের জল হঠাৎ অস্বাভাবিকভাবে সরে যাওয়াটা কোন দুর্যোগের সংকেত ভাবা হলেও শুধু জল সরে যাওয়া দেখেই আশঙ্কা নিশ্চিত করা যায় না, তবুও সতর্ক থাকা জরুরি। পর্যটক ও স্থানীয়দের সমুদ্রের দিকে না এগিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
