কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিততে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খাড়েরা ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাল, বাজি, মুরগির বাচ্চা, গরু, চকলেট, কিশমিশ, মদ, গাঁজা, স্কার্ফ সিরাপ ও ইজিবাইক। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালান জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।
