নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, সরকারবিরোধী অপতৎপরতাসহ গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
মিলন চ্যাটার্জি জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রমাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন প্রমা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আড়ালে চলে যান তিনি। জনসম্মুখে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে এর নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।
প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। বাবু গত বছরের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে।
জিতু কবীর/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
