আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কটিয়াদী পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কটিয়াদী শাখা কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিমাই এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।
সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ, সার্বিক পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের জোর তাগিদ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর সম্প্রীতির বাণী সবার। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সবাই যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
