পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের রাষ্ট্রদূতের
হাফিজ আল আসাদপ্রকাশ:
পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী লিসবনের বেলেম প্রাসাদে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে বাংলাদেশ ও পর্তুগালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

পর্তুগালের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কামরুল হাসান বাংলাদেশের সরকারপ্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি ঢাকায় পর্তুগালের স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এ উদ্যোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার, প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় গতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা এগিয়ে নেওয়া, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে পর্তুগালের রাষ্ট্রপতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। পর্তুগিজ সমাজে বাংলাদেশিদের একীভূত হওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক খাত, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
লিসবনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের কল্যাণে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও কার্যকর অংশীদারত্বে রূপ দিতে দূতাবাস কাজ করে যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
