বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে গৃহীত পদক্ষেপ তুলে ধরে সিলেটে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও এর আশপাশের ব্যস্ততম এলাকায় পথচারী, ব্যবসায়ী ও পরিবহন চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে বাস্তবমুখী ও আন্তরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নেওয়া নানা কার্যক্রমের সুফল অচিরেই দেশের মানুষ পেতে শুরু করবে। গৃহীত এসব উদ্যোগ সফল করতে এবং সংকটকালীন সময়ে জ্বালানির অপচয় রোধে সাধারণ জনগণের সচেতনতা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।
অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলার সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
