সাতক্ষীরার শ্যামনগরে জেলে ও বাওয়ালি শেখ মো. আহসান উল্লাহর মাছ ধরার সরঞ্জাম রাখার গোডাউনে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউন ঘরসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম পুড়ে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার চণ্ডীপুর (পাতাখালী) এলাকায় কপোতাক্ষ নদের তীরে ওয়াপদা পাড়সংলগ্ন গোডাউনটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনে গোডাউন ঘরসহ সেখানে রাখা ছয়টি বেন্দিজাল, ড্রাম, কাঁচি, কাগজ, পলিথিনসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
ভুক্তভোগী শেখ মো. আহসান উল্লাহর ধারণা, পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক ঈর্ষার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গোডাউনে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
The post শ্যামনগরে জেলের মাছ ধরার সরঞ্জামের গোডাউনে আগুন appeared first on ভোরের চেতনা.
