প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম
‘দুর্যোগ থেকে রক্ষা করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমিত সীমা।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার এবং সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো গেলে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
