ভাপা রান্না বাঙালির কাছে নতুন নয়। ইলিশ, চিংড়ি হোক বা ছানা, ভাপা রান্না অনেকেরই পছন্দ। তবে এ বার চিকেন ভাপা বানিয়ে দেখুন। পুজোর শেষ দিনেও জমিয়ে ভূরিভোজ হওয়া উচিত। তবে সেটা একটু হালকা রান্না হলেই ভালো। আর চিকেন ভাপা রান্না করাও সহজ। তাই দশমীতে বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে হবে না। বেশি উপকরণও দরকার পড়বে না। আবার সকলে চেটেপুটে খাবেন।
উপকরণ
৫০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ৩ টেবিল চামচ পোস্ত বাটা, ২ টেবিল চামচ সর্ষে বাটা, ৫-৬টি কাঁচা লঙ্কা, ১ টেবিল চামচ কাজু বাটা, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ টক দই, ২০০ গ্রাম পেঁয়াজ কুচি, ১ চা চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন ও চিনি।
প্রণালী
প্রথমে মিক্সিতে সর্ষে, পোস্ত, কাজুবাদাম, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে নিন। একটি পাত্রে টক দই ফেটিয়ে নিন। তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল মিশিয়ে নিন। তার মধ্যে বাটা মশলাগুলো মিশিয়ে নিন। এতে চিকেন মিশিয়ে আধ ঘণ্টা রেখে দিন।
কড়াইতে তেল গরম করুন। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা হালকা ভেজে নিন করে নিন। তার মধ্যে চিকেনের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপরে এই মিশ্রণটা একটি পাত্রে ঢেলে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিন। তার আগে প্রেশার কুকারে অল্প জল দিয়ে দেবেন। ২-৩টে হুইশল পরা পর্যন্ত অপেক্ষা করুন। তৈরি ভাপা চিকেন। উৎসবের মরশুমে গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ভাপা চিকেন।
