Authored By:
Published on
:
1 min read
এই সময়: পুজোর মাস তিনেক আগে কলকাতার খারাপ রাস্তার তালিকা ট্র্যাফিক পুলিশের তরফে পুরসভার কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকা ধরে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছিল পুরসভা। তবে বার বার বৃষ্টি সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পুজোর আগে কলকাতার খারাপ রাস্তার হাল ফিরবে কি না, তা নিয়ে সংশয়ও তৈরি হয়েছিল। তবে পঞ্চমীর বিকেলে পুরসভার সড়ক বিভাগের দাবি, কলকাতার খারাপ রাস্তার ৯৯ শতাংশ মেরামত হয়ে গিয়েছে। পুর–কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃষ্টি থামার পরে গত দশ িদনে এই কাজ গতি পেয়েছে।
পুরসভা জানিয়েছে, পুজোর মধ্যেও কোথাও রাস্তা নিয়ে কোনও সমস্যা হলে বাসিন্দারা সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন (০৩৩–২২৮৬ ১২১২, ১৩১৩, ১৪১৪)। পুজোর মধ্যেও জরুরি ভিত্তিতে রাস্তা সারাইয়ের জন্যে মজদুরদল, রোলার, মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। রাস্তা কোথাও খারাপ হয়ে আছে, এমন খবর পাওয়া মাত্র দ্রুত সারাইয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে সড়ক বিভাগকে।
সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের দাবি, পুজোর মধ্যে ভারী বৃষ্টি না হলে শহরে নতুন করে রাস্তা নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। খারাপ রাস্তার তালিকা ধরে সারাইয়ের কাজ করা হয়েছে। ট্র্যাফিক পুলিশের তালিকা ছাড়াও কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ৪০৪টি খারাপ রাস্তা শনাক্ত করা হয়েছিল। শহরের মোট ৭৬.৫৩ কিলোমিটার রাস্তা খারাপ হয়েছিল। সব রাস্তাই সারাই করা হয়েছে।
