ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি দখল, চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা মুজিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিনি উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও মোহাম্মদপুর মাদ্রাসার দপ্তরি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম। মামলার বাদী রফিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমরাইলকান্দি এলাকার ফজলুল হকের ছেলে।
মামলার নথি অনুযায়ী, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মামদপুর মৌজার ২০৫ নম্বর বিএস খতিয়ানের ৬৮৪ নম্বর দাগে থাকা ২২ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
অভিযোগে বলা হয়েছে, বিরোধপূর্ণ জমিটি বাদীপক্ষের পরিবারের মালিকানাধীন। ওই জমিতে চাষাবাদ করতে গেলে তাদের বাধা দেয়া হয়। পাশাপাশি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও আনা হয়েছে আসামিপক্ষের বিরুদ্ধে।
রফিক মিয়ার দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে তারা বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতির শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে তারা আইনের আশ্রয় নেন এবং আদালতে মামলা করেন।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, ‘কেউ অন্যায় করলে এবং আদালতের রায়ে অপরাধী প্রমাণিত হলে এর দায়ভার দল নেবে না।’
তিনি আরও বলেন, ‘আমি শুনেছি, অনেক দিন আগের জমিজমা নিয়ে একটি মামলা চলছিল। সেই মামলায় বিজ্ঞ আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।’
এদিকে, মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান কারাগারে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান খোলার পর তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ব্যবস্থা নেয়া হবে।’
