FIFA-র প্রস্তাবে বিপুল লাভের মুখে ভারতীয় ফুটবলছবি: AI নির্মিত
Published on
:
2 min read
২০২৬ সালে FIFA বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় ফুটবল দল। ব্রাজ়িল, উরুগুয়ে, পানামার বিরুদ্ধে খেলার জন্য নাম সরিয়ে নিয়েছিল ASEAN Cup থেকেও। তবে বিশ্বকাপের বিপুল বাণিজ্যিক সাফল্যের সুফল পেতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। FIFA-র নতুন প্রস্তাব কার্যকর হলে আগামী চার বছরে প্রায় ২৩৭ কোটি টাকা পেতে পারে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা। কেন এই টাকা পেতে পারে AIFF?
কেন ২৩৭ কোটি টাকা পেতে পারে AIFF?
AP-র প্রতিবেদন অনুযায়ী, আগামী চার বছরে ফুটবলের উন্নয়নে মোট ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ খরচের প্রস্তাব দিতে পারে FIFA। এর মধ্যে প্রতিটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনকে ২ কোটি ৫০ লক্ষ ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩৭ কোটি টাকা। এই প্রস্তাব কার্যকর হলে FIFA-র সদস্য দেশগুলি আগের তুলনায় অনেক বেশি টাকা পাবে। এর আগে চার বছরের জন্য প্রতিটি ফেডারেশনকে প্রায় ১ কোটি ডলার দেওয়া হত। নতুন প্রস্তাবে সেই অঙ্ক আড়াই গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
২১১টি সদস্য সংস্থার জন্য বড় প্রস্তাব
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর FIFA সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই পরিকল্পনা জানিয়ে ছ’টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের প্রধানদের চিঠি পাঠিয়েছেন। ডিসেম্বরে FIFA কাউন্সিলে এই প্রস্তাবে সিলমোহর পড়ার কথা। ২০২৭ সালে মার্চে FIFA কংগ্রেসে সেটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে।
ওই চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘আপনাদের প্রস্তাবগুলি থেকে একটি বিষয় স্পষ্ট— FIFA-র আর্থিক সাফল্যকে ফুটবল এবং ২১১টি সদস্য সংস্থার কাজে লাগতে হবে। আমি আশাবাদী, বিশ্বের প্রতিটি প্রান্তে ফুটবলের উন্নতির জন্য একটি স্থায়ী ব্যবস্থা তৈরি করতে পারব আমরা।’
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই উদ্যোগ ইনফান্তিনোর
FIFA-র এই প্রস্তাব প্রকাশ্যে এসেছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে। ২০২৭ সালে ১৮ মার্চ FIFA-র ৭৭তম কংগ্রেসে সভাপতি নির্বাচন হওয়ার কথা। ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য লড়াইয়ে নামতে পারেন ইনফান্তিনো। তবে বিশ্বকাপের বেসরকারিকরণ এবং স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বেড়েছিল বিতর্কও।
এই পরিস্থিতিতে সদস্য ফেডারেশনগুলির জন্য আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব ইনফান্তিনোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে এই বিপুল অঙ্কের টাকা পেলে ভারতীয় ফুটবলের পরিকাঠামো, গ্রাসরুট লেভেলে উন্নয়ন এবং বিভিন্ন কর্মসূচিতে অর্থ ব্যয়ের সুযোগ বাড়বে।
