ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমোজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি রূপরেখা জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, শান্তি আলোচনা নিয়ে ‘সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে’ রয়েছে। খবর আল জাজিরার।
সংগঠন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থান করছেন তিনি। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আব্বাস আরাঘচি এসব কথা বলেন।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের দিকে ইঙ্গিত করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি ঘটিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি কোনো দেশের ওপর বোমা বর্ষণ করবেন, তা ধ্বংসের হুমকি দেবেন, নিষেধাজ্ঞা চাপিয়ে দেবেন, আবার প্রত্যাশা করবেন যে স্বাভাবিক নৌচলাচল নিরাপত্তা ফিরে আসবে- তা হতে পারে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও ন্যায্য স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। তবে অধিকার রক্ষা করা ও শান্তির বার্তা দেওয়ার মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। যুদ্ধের কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে সে বিষয়ে আমরা পূর্ণ সচেতন, আর ঠিক সে কারণেই আমরা শান্তির মূল্য বুঝি।
