চট্টগ্রামের ফটিকছড়িতে শব্দদূষণ নিয়ন্ত্রণের অভিযানে পাঁচটি বাস থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। সোমবার চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেটের কাছে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
পাঁচ বাসকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় এতে সহায়তা করে।
অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, অবৈধ হাইড্রোলিক হর্ন বন্ধে এ কার্যক্রম চালানো হয়েছে। শব্দদূষণ কমানো এবং পথচারীসহ আশপাশের মানুষের ভোগান্তি রোধে তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
