শ্রীপুরে দুই শতাধিক শিমুলের চারা রোপণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাজীপুরের শ্রীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সৌন্দর্য বাড়াতে দুই শতাধিক শিমুলের চারা রোপণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার বেন্নাবাইদে আঞ্চলিক সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং শ্রীপুর পৌরসভার তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। শিমুলের চারা উৎপাদন ও সরবরাহে সহযোগিতা করে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার।
কর্মসূচিতে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতি বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শ্রীপুরে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছ লাগানো হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে গণ-আন্দোলনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাহিদ ইসলাম ভূঞা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা ও পৌরসভার উদ্যোগে ইতিমধ্যে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগেও এ কার্যক্রম চলছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কটন এগ্রোনোমিস্ট কৃষিবিদ আব্দুল ওহাব বলেন, খামারের উদ্যোগে শ্রীপুরে এ পর্যন্ত ২৭ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার শিমুল ও দুই হাজার মসলিন গাছের চারা রয়েছে।
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোই তাঁদের এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারি, মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
