রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে সোমবার গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৯ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন।
ডিবি জানিয়েছে, রাতভর ডিজে পার্টি, মাদক সেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এর ওই বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহিরের বাড়িটি তিনতলা। সাড়ে ছয় কাঠা জমির একটি অংশে নির্মিত বাড়িটি অনলাইনে ‘এয়ারবিএনবি’ অ্যাপসের মাধ্যমে ভাড়া দেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ভাড়া নিয়ে কেউ রাতযাপন করতেন আবার কেউ ডিজে পার্টি করতেন। বাড়িটি দেখভালের জন্য মাহবুব আলম নামের একজন কো-হোস্টও নিয়োগ দেন আব্দুল্লাহ আল জহির। ওই বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন পার্টির নামে মাঝে মধ্যেই চলত মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড।
এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া নিয়ে উঠতি বয়সের নারী-পুরুষরা অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল বাড়িটিতে। গভীর রাতে মাদকসেবন করে চলত অর্ধনগ্ন নৃত্য। উচ্চৈঃস্বরে মিউজিক বাজিয়ে ডিজে পার্টি করা হতো। তবে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাড়ি বলে কথা! রেইড দেওয়ার কোনো আশঙ্কা নেই-এমন প্রচারণাও চালানো হতো। ফলে সমাজের উচ্চবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরাই ছিল মূলত এসব পার্টির কাস্টমার।
ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার রাতের জন্মদিনের পার্টিটি ভুয়া ছিল। তারা মূলত ডিজে পার্টির জন্য এটি ভাড়া নেয়। এখানে মূল ভূমিকায় ছিলেন সাদমান রাফিত, পৌরম গুহ ও নাইমুর রহমান রাহি। বাড়িটির কো-হোস্ট মাহবুবও সবকিছু জানতেন।
জানা গেছে, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।
পার্টির আয়োজন ঘিরে কাস্টমার সংগ্রহ করতে একটি বিজ্ঞাপনও দেয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি। সেখানে বলা হয়েছে, ‘আগামী সোমবার আমরা একটি হাউজ পার্টি এবং রেইভের আয়োজন করছি! এটি একটি প্রাইভেট এবং আমন্ত্রণমূলক ইভেন্ট। তাই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত গান বাজবে, সুতরাং চমৎকার ভাইবসহ সারা রাত গান ও নাচে মেতে ওঠার জন্য প্রস্তুত হয়ে যান!’
আরও বলা হয়, ‘পার্টিটি একটি ট্রিপ্লেক্স হাউজে অনুষ্ঠিত হবে, যা পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন, তাই এখানে কোনো ধরনের পুলিশ রেইডের কোনো সম্ভাবনা নেই। আমাদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত থাকবেন।’
