প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে এ সহায়তা দেওয়া হয়। সদর জোনের জোন কমান্ডারের পক্ষে জোন উপ-অধিনায়ক মেজর রাফিউর রহমান রাজীব উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন।
এ সময় বান্দরবানের বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদ্যাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুদান বিতরণকালে মেজর রাফিউর রহমান রাজীব বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রবারণা পূর্ণিমা ধর্মীয় সম্প্রীতির উৎসব। বৌদ্ধধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে উৎসবটি উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। এ ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সেনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা সদরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
