ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন পাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক সীমান্তরেখার শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের একটি কবরস্থান এলাকায় চোরাকারবারীকে ধাওয়া দেন বিজিবির সদস্যরা। ধাওয়া খেয়ে সঙ্গে থাকা ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।