ছবি: সংগৃহীত
-->ফুটবল মাঠে অসামান্য কীর্তি। মাঠের বাইরেও মানবিক অবদান। দুইয়ের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ সালের এই পুরস্কার পাওয়ায় সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে তার দীর্ঘদিনের ক্লাব এফসি বার্সেলোনা।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের আস্তুরিয়াস প্রদেশের রাজধানী ওভিয়েদোয় জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর তার হাতে সম্মাননার সনদ তুলে দেন। অনুষ্ঠানে আর্জেন্টিনার জার্সি পরা শত শত ভক্ত মেসিকে স্বাগত জানান। প্রিয় তারকার নাম ধরে স্লোগান দেন তারা।

মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ তৈরিতে তার অবদানের প্রশংসা করেছে পুরস্কারের বিচারকমণ্ডলী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রিন্সেস লিওনোর মেসির ফুটবলীয় দক্ষতার প্রশংসা করে বলেন, ‘তিনি গেম রিডিং এবং ভগ্নাংশের সেকেন্ডে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অসাধারণ বিষয়গুলোকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছিলেন। অহংকে পেছনে ফেলে দলের সমন্বিত স্পিরিটকে তিনি সবসময় ওপরে রেখেছেন।’
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে বার্সেলোনা। ক্লাবটির হয়ে ২১ বছর খেলেছেন তিনি। জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগাসহ অসংখ্য শিরোপা। বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০২১ সালে কাতালান ক্লাব ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।
মেসির এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা। বার্সেলোনা তাদের বার্তায় লিখেছে, ‘২০২৬ সালের প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস জয়ের জন্য লিওনেল মেসিকে অভিনন্দন। আপনার অসামান্য প্রতিভার উপযুক্ত স্বীকৃতি এটি, যা মাঠ এবং মাঠের বাইরে স্থায়ী প্রভাব ফেলেছে। অসাধারণ দক্ষতা, খেলাধুলার প্রতি আনুগত্য এবং সামাজিক সংহতির কারণে আপনি বিশ্ব ফুটবলের এক অনন্য বেঞ্চমার্কে পরিণত হয়েছেন।’
১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউড কিপচোগে ও লিন্ডসে ভনের মতো ক্রীড়াবিদও এই সম্মাননা পেয়েছেন।
পাপ্পু/
