
জকিগঞ্জ প্রতিনিধি : বিয়ের মেহেদির রং মুছে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ফরহাদ আহমদের (২৫) জীবন। বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের একটি ব্রিজে বাসের চাপায় নিহত হন তিনি।
নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুস সুবহানের ছেলে। গত ১০ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার কালিগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে বিয়ে করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ছোট ভাই হালিম আহমদকে কানাইঘাট যাওয়ার জন্য সড়কের বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করে পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
