দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নবী সুপার মার্কেট ও ইলিয়াস মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। অভিযানে মসলা জাতীয় পণ্য বিক্রেতা দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করতে চট্টগ্রামের বৃহৎ
পাইকারি বাজার খাতুনগঞ্জে সব এলাচ দুটি গুদামে জড়ো করেছিল একটি সিন্ডিকেট। এলাচ বিক্রি বন্ধ রেখে প্রতি কেজিতে প্রায় ৫০০ টাকা দামও বাড়িয়েছে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দৈনিক আমাদের সময়ে ‘৭ জনের সিন্ডিকেটে জিম্মি খাতুনগঞ্জে এলাচের বাজার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদের সূত্র ধরেই গতকাল এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ফয়েজ উল্লাহ।
তিনি জানান, ২০২৫ সাল থেকে গুদামে এলাচ মজুদ করে মূল্যবৃদ্ধির অপরাধে খাতুনগঞ্জ ইলিয়াস মার্কেটের হাসান করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমদানিকৃত জিরার বস্তায় উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় নবী সুপার মার্কেটের আরাফতা ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর কদমতলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে আলম হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফয়েজ উল্লাহ বলেন, এলাচ এবং জিরাগুলো দ্রুত বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করতেই গুদামজাত করা হয়েছিল। হাসান করপোরেশন এলাচ আমদানির প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেনি।
