ইন্টার কাশীর বিরুদ্ধে প্রথম একাদশে বদলের ইঙ্গিত হাবাসের
ঠাসা সূচির কথা মাথায় রেখে আজ ইন্টার কাশীর বিরুদ্ধে প্রথম একাদশে বদলের ইঙ্গিত দিয়েছেন হাবাস। আমূল পরিবর্তন না হলেও কয়েকটি জায়গায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তবে তাঁর আশা, সুযোগ পেলে রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও নিজেদের সেরাটা উজাড় করে দেবেন। টানা অ্যাওয়ে ম্যাচ খেলতে হলেও তা নিয়ে চিন্তিত নন স্প্যানিশ কোচ। তাঁর স্পষ্ট বক্তব্য, যে দল ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামে, তারা এই ধরনের বিষয় নিয়ে ভাবে না।
তবে চোটের আশঙ্কা এড়াতে সতর্ক হাবাস। ইন্টার কাশীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার পরেই যেহুতু AFC-র ম্যাচ, তাই হাবাস বলেছেন, ‘কাশীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর ACL 2 খেলতে ওমান যেতে হবে। তবে আমরা তৈরি। আশা করি, কোনও ফুটবলারের চোটের কারণে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে না।’
ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচকে আল সীবের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবেও দেখতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। তাঁর মতে, দু’টি ম্যাচকে এক করে দেখার কোনও অর্থ নেই। একই সঙ্গে প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ার পর আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি। হাবাসের কথায়, ‘প্রথম ম্যাচে সহজ জয় পেলে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ে। তবে আমাদের খেলায় এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।’