মেহেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালানের আগেই মাদকদ্রব্য ফেলে পালিয়েছে পাচারকারীরা। পরে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির দুটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, আমদানি নিষিদ্ধ ৩ হাজার ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর মধ্যে রংমহল বিওপির অভিযানে ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, ধলা বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।
দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
