গান রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গান সম্পর্কে জেনেছেন। এমনকি আগে থেকে দেখেননি গানের কথাও। সাতক্ষীরা থেকে ঢাকায় এসে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গানচিল মিউজিকের নতুন গান ‘মেঘ আড়ালে’তে কণ্ঠ দিয়েছেন সুতপা মণ্ডল। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মঙ্কস পার্ল, যিনি মমরোজ নামেও পরিচিত।
গত ১৫ অক্টোবর প্রকাশিত গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস। গানটির মেল ভার্সনে কণ্ঠ দিয়েছেন মঙ্কস পার্ল এবং ফিমেল ভার্সনে সুতপা মণ্ডল। সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান।
‘মেঘ আড়ালে’ গানে উঠে এসেছে অপেক্ষা, দূরত্ব ও বিচ্ছেদের অনুভূতি। বৃষ্টি, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকার দৃশ্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনা ও স্মৃতির আবেশ।
গানটির দৃশ্যায়নেও রয়েছে নান্দনিক আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্রে সাজানো পরিবেশে আলো-রঙের ব্যবহারে তৈরি হয়েছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা।
গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, “‘মেঘ আড়ালে’ গানটির জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।”
অন্যদিকে, মঙ্কস পার্লের কাছে ‘মেঘ আড়ালে’ সৃষ্টির নতুন যাত্রা। তিনি বলেন, “‘মেঘ আড়ালে’ আমার কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতারা এই সৃজনশীল যাত্রার অংশ হবেন।”
মঙ্কস পার্ল আরও জানান, ‘সিজন ওয়ান’-এর অন্য গানগুলোও শিগগিরই প্রকাশিত হবে। পাশাপাশি নতুন অ্যালবাম ও গান নিয়ে শ্রোতাদের সামনে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।
