ছবির ক্যাপশন: .
মো. বেল্লাল হাওলাদার
বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেছেন, ‘এই সরকার নুরের রক্তের ওপর বসে আছে, অথচ সেই নুরের নিরাপত্তা দিতেই ব্যর্থ।’
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ফাতিমা তাসনিম।
তিনি বলেন, ‘তাঁকে অমানবিকভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ফাতিমা তাসনিম আরও করেন, ‘আমরা দুটি ভুল করেছি—একটা হলো স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে, আরেকটি হলো শহীদ না হয়ে। এখন আমরা ফোনে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের হুমকি পাচ্ছি। এমনকি আমাদের বাসায় কাফনের কাপড় পাঠানো হচ্ছে। জীবন বাজি রেখে দেশকে বাঁচালাম, অথচ এই রাষ্ট্র আমাদের সেই নিরাপত্তা দিতে ব্যর্থ।’
সাবেক এই গণ-অধিকার পরিষদের নেত্রী বলেন, ‘নুর সাহসের বাতিঘর। প্রতিটি ঘরে ঘরে তাঁর উপস্থিতি রয়েছে। তাঁর সাহসী উদ্যম থেকেই আজ আমি আমজনগণ পার্টির নেতৃত্ব দিচ্ছি। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।’
পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা হলে আবারও একটি জুলাই আন্দোলন গড়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন এই নেত্রী।
