নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিজানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিজানুর রহমান ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে।
ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মিজানকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
পরবর্তীতে সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে পুরো আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
