পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি হাফিজ ইব্রাহিম
-
রোমানুল ইসলাম সোহেব (দৌলতখান) ভোলা - আপডেট সময় ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোলার দৌলতখান উপজেলা বিএনপি ও উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত দৌলতখান ও বাংলাবাজার এলাকায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি হাফিজ ইব্রাহিম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এর আগে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাবাজার এলাকার প্রায় ১০ কিলোমিটার খাল ও প্রধান সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম, সহ সভাপতি নিজাম ভূঁইয়া, বিএনপি নেতা ফখরুল আলম টপি, যুবদল নেতা রিয়াজ ও জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ট্যাগস :
