নিজস্ব প্রতিবেদক · ১৭ অক্টোবর, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার শিশুটির বয়স ছিল এক বছর ১৪ দিন।
মারা যাওয়া শিশুর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়। একই সময়ে বিভাগে নতুন করে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৩৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, নয়জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং দুজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৮ জন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৬, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রয়েছেন।
এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিশ্বনাথের হাসপাতালে দুই, গোলাপগঞ্জে পাঁচ এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ২৫ এবং মৌলভীবাজারে ১৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
