সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশের প্রজনন রক্ষায় যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। অভিযানে এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জালের মাধ্যমে মাছ আহরণ করা হলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে নদীতে নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হচ্ছে।
