প্রকাশিত: ২১:৩২, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ২১:৫৬, ২২ অক্টোবর ২০২৬
অং সান সু চি
মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছরেরও বেশি সময়ের পর ছেলের সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার সু চির ছেলে কিম আরিস এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, কিম আরিস এতদিন তার ৮১ বছর বয়সী মায়ের সম্পর্কে কেবল মাঝেমধ্যে অন্যের মাধ্যমে টুকরো টুকরো খবর পেতেন। তবে বৃহস্পতিবার তিনি সরাসরি সু চির সঙ্গে কথা বলেছেন।
এক বিবৃতিতে আরিস বলেছেন, “তার কণ্ঠস্বর পুনরায় শুনতে পাওয়াটা আমার কাছে এতটাই অর্থবহ যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
মিয়ানমারের সামরিক সমর্থিত প্রেসিডেন্টের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অ্যারিস লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্দি রয়েছেন। ওই সময় মিয়ানমারের সামরিক বাহিনী ভোরে অভিযান চালিয়ে তার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং বেসামরিক নেতাদের গ্রেপ্তার করে।
এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে একটি সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে রূপ নেয়। এর ফলে দারিদ্র্যপীড়িত দেশটি গৃহযুদ্ধের কবলে পড়ে। এই যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামরিক বাহিনীর কারসাজিতে আয়োজিত এক নির্বাচনের পর, যেখানে অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেই নির্বাচনের পরপরই এপ্রিল মাসে সু চিকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা হয়।
