কালবেলা · সাধারণ
‘ফ্যাসিস্টের দোসররা পূজামণ্ডপের দায়িত্বে থাকলে কখন কী ঘটিয়ে দেবে ঠিক নেই’
১৩/১০/২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্টের কোনো দোসররা যেন পূজামণ্ডপের দায়িত্বে না থাকে, সে ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। তারা যদি দায়িত্বে থাকে, তবে কখন কী ঘটনা ঘটিয়ে দেবে এটার কোনো ঠিক নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্ততি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, পূজা ফ্রন্ট ও পূজা পরিষদের মধ্যে আমরা কোনো বিভক্ত করতে চাই না। তবে ফ্যাসিস্টের দোসরদের দূরে রাখতে হবে। তাদেরকে একা মণ্ডপের আশেপাশে থাকতে দেয়া যাবে না। নয়তো তারা নিজেরাই অঘটন ঘটিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার পাশাপাশি রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর। আমরা বিগত সময়ের মতোই আপনাদের পাশে আছি এবং থাকবো। আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন মাঠে থেকে প্রতিটি মণ্ডপ পর্যবেক্ষণ করবেন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এবং সকলেই সুন্দরভাবে উৎসবটি পালন করতে পারেন।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন, মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সদর উপজেলার ১০৯টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের অর্থ প্রদান করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗