চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টারদিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।
রিয়াজের সহযোগী মোহাম্মদ নিরব বলেন, ‘আমরা পিকআপ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। পথে সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করলে আমাদের পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে সেটির পেছনে ধাক্কা দেয়। এতে চালক রিয়াজ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা পিকআপটি সেটিতে ধাক্কা দেয়। এতে পিকআপচালক রিয়াজ নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
