শারদীয় দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব নির্ধারিত সময়ের দুই দিন আগেই প্রকাশ করছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটির ১৬তম চ্যাপ্টার।
সাধারণত প্রতি বৃহস্পতিবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চ্যাপ্টার প্রকাশ করা হয়। তবে ছুটির আমেজকে সামনে রেখে এবার আজ নতুন পর্বটি প্রকাশ করা হচ্ছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কাজল আরেফিন অমি। সেখানে তিনি জানান, ২০ অক্টোবর থেকে ছুটি শুরু হওয়ায় ওই দিনই ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার-১৬ প্রকাশ করা হবে।
নির্মাতার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন সিরিজটির ভক্তরা। নতুন পর্বে পাশা ভাইয়ের কর্মকাণ্ড, ইংলিশ লেবুর কাণ্ডকারখানা কিংবা কাবিলা, নেহাল, আরেফিন ও জাকিরদের জীবনে কী ঘটবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। বাচ্চু স্যার ও মতলবের উপস্থিতি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
নতুন চ্যাপ্টারের বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে ক্ষুদেবার্তায় কাজল আরেফিন অমি বলেন, ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ভরপুর অ্যাকশন থাকবে এবার।’
শহুরে ব্যাচেলরদের বন্ধুত্ব, প্রেম, হাসি-কান্না ও বিচিত্র সব ঘটনার গল্প নিয়ে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। সিরিজটির বিভিন্ন চরিত্র ও সংলাপ নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিরিজটির জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকারসহ অনেকে। বঙ্গের পাশাপাশি সিরিজটি দেখা যাচ্ছে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
বিআলো/শিলি