জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর অংশগ্রহণে দাবা ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে চার দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে, যার সমাপনী হবে ১৭ অক্টোবর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭। বুধবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের আয়োজনে দাবা ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অন্যতম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। পুরো শিক্ষাবর্ষজুড়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় মনোজগৎ গঠনে সহায়ক হবে।
এবারের প্রতিযোগিতায় আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে দাবা প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা। অন্যদিকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নাজমুল হোসাইন। এ সময় শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভিন্ন দপ্তরের প্রধান, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।
